সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও টিনের কিছু অংশ পুড়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম জানান, বহুতি বাজারের একটি টিনশেড মার্কেটে তাদের নির্বাচনী অফিসে রাতের অন্ধকারে খড়কুটো জড়ো করে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। তবে আগুন ভেতরে ছড়াতে পারেনি।
তিনি বলেন, আগুন বাইরে থেকেই নিভে যায়। এতে টিনের চালা ও বেড়ার কিছু অংশ পুড়ে গেছে। আগুন ভেতরে ঢুকলে পুরো মার্কেটে বড় ক্ষতি হতে পারত। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। পরে প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং একটি প্রতিবেদন জমা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ছোট বা বড়—যে কোনো অভিযোগই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।