অনলাইন নিউজ ডেস্ক
বুধবার (১ জুলাই) রাতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, বট বাহিনীর প্রচারণা কিংবা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট অবস্থান হারিয়ে হতাশ কিছু বুদ্ধিজীবীর ব্যাখ্যা দিয়ে জুলাই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাই আন্দোলনের চেতনাকে মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা একটি স্থূল রাজনৈতিক কৌশল। তাঁর ভাষায়, আন্দোলনের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলকারী কিছু সুযোগসন্ধানীর কারণে পুরো আন্দোলনের ওপর কলঙ্কের দায় চাপানো সচেতন বুদ্ধিবৃত্তিক অপরাধ। এমন সুবিধাবাদীদের আবির্ভাব প্রায় প্রতিটি আন্দোলনের পরই ঘটে বলেও মন্তব্য করেন তিনি।
দীপ্তি চৌধুরী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ বা দুর্নীতিগ্রস্ত হলেও জুলাই আন্দোলনের মর্যাদা ক্ষুণ্ন হয় না। বর্তমান পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী না হলেও, তাই বলে অতীতই ভালো ছিল—এমন যুক্তি গ্রহণযোগ্য নয়।
তিনি দাবি করেন, জুলাই কোনো একক মতাদর্শ বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। গান, চিত্রকলা, কার্টুন, নামাজ ও নানা ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক অংশগ্রহণের মধ্য দিয়ে এ আন্দোলন গড়ে উঠেছে। বোরকা পরা তরুণী থেকে শুরু করে ওড়না ছাড়া বৃষ্টিভেজা কিশোরীর প্রতিবাদী স্লোগান—সবাই এ আন্দোলনের অংশ ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন দীপ্তি চৌধুরী। তিনি বলেন, তাজা রক্ত, মায়ের অশ্রু ও অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে জুলাই এসেছে। তাই এর চেতনা বা ইতিহাস এত সহজে মুছে ফেলা সম্ভব নয়।
জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য নিয়ে মন্তব্য করে তিনি বলেন, এ বিভাজন দেখে প্রতিপক্ষের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। জীবন বাজি রেখে লড়াই করা সহযোদ্ধারা তাদের মূল প্রতিপক্ষকে সহজে ভুলে যাবেন না।
পোস্টে তিনি জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা ওসমান হাদীর মতো ব্যক্তিদের প্রশংসা করে বলেন, তাদের ভয় পায় বলেই পরাজিত শক্তি তাদের হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। অবমাননাকর মন্তব্য করে তাদের অবদান খাটো করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে দীপ্তি চৌধুরী বলেন, জুলাই বাংলাদেশের নিপীড়নবিরোধী চেতনার ধারাবাহিক একটি অধ্যায়। বিদেশে বসে হুমকি দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। তাঁর দাবি, দেশের তরুণ সমাজ অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে প্রয়োজন হলে ভবিষ্যতেও জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামবে।