

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলা নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ। বিষয়টি বিবেচনা করে বিসিবি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তা মানেনি। ফলে এবারের আসরে খেলতে পারবেন না লিটন-মিরাজরা।
আইসিসির এমন আচরণ বাংলাদেশি ক্রিকেটকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় বিতর্ক এবং প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো কারণ ছাড়াই পাকিস্তানে খেলতে যায়নি, এবং তখন আইসিসি তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল। সেই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ অবশ্য বাংলাদেশ না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা বিশ্বকাপে জেতার জন্য খেলছি। তাই সেটাতেই আমাদের মনোযোগ। আমাদের নিরাপদ রাখার দায়িত্বে যারা আছেন, তাদের ওপর আমরা বিশ্বাস করি।”
বিশ্বকাপের আগে পাকিস্তানে সিরিজটি অস্ট্রেলিয়ার শেষ প্রস্তুতি পর্ব ছিল। তবে সফরটি তাদের জন্য মোটেও সুখকর হয়নি। তিন ম্যাচের সবকটিতেই তারা পরাজিত হয়েছে, বিশেষ করে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে হোয়াইটওয়াশের লজ্জা স্বীকার করতে হয়েছে।



