অনলাইন নিউজ ডেস্ক
সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, চলতি মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেটে এসে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করবেন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারে আয়োজিত একটি ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট-জাফলং রেলপথ চালু হলে এ রুটে সহজে ও কম খরচে পণ্য পরিবহন করা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতও আরও সহজ ও আরামদায়ক হবে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, ভূমি অধিগ্রহণে সার্ভেয়ার সংকটের কারণে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। এ সমস্যা সমাধানে ভূমি মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিলেটে ছয়জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। ফলে এখন ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং মহাসড়ক প্রকল্পের নির্মাণকাজও পূর্ণ গতিতে শুরু করা যাবে।
তিনি আরও জানান, জৈন্তাপুর, গোয়াইনঘাট অথবা কোম্পানীগঞ্জ উপজেলার যেকোনো একটি স্থানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। হাসপাতালটি বাস্তবায়িত হলে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।
মন্ত্রী বলেন, জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ সিলেটের প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সুবিধার্থে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি এসব এলাকায় যাতায়াতব্যবস্থার উন্নয়নে বিভিন্ন অবকাঠামো প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।