অনলাইন নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই আন্দোলনে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল। এ আন্দোলনে সংগঠনটির ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে দাবি করেন তিনি।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ যারা আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাদের আত্মত্যাগের পথ ধরেই একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তৈরি হয়েছে।
তিনি বলেন, দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে ছাত্রদল। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা লাভ করেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদল প্রকাশ্যে রাজপথে থেকে অংশ নিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তিনি জানান, আন্দোলনে আহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং নিহতদের কবর জিয়ারত করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন।