অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ বিপ্লব ও ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলন। একইভাবে জুলাই আন্দোলনেও গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণরা জীবন দিয়েছেন।
তিনি বলেন, ইতিহাসের প্রতিটি বিপ্লবেই রক্তপাত হয়েছে। তবে জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ প্রাণহানি ঘটেছে, তা বিশ্বের অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল। দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের লাশ পড়ে থাকতে দেখা গেছে এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দমন-পীড়নের শিকার হয়েছেন।
রিজভী আরও বলেন, জুলাই আন্দোলনের মানবিক দিক ছিল অসাধারণ। একজন গুলিবিদ্ধ হলে অন্যজন তাকে উদ্ধারে এগিয়ে গেছে, আহতদের সহায়তায় মানুষ পাশে দাঁড়িয়েছে। এমন মানবিক দৃশ্য বিশ্বের বিভিন্ন আন্দোলনে দেখা গেলেও জুলাইয়ে তা মানুষ প্রত্যক্ষ করেছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন দিক থেকে গুলি চালিয়েও আন্দোলন থামানো সম্ভব হয়নি। ছাত্ররা মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছিল।
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ১৯ জুলাই তিনি গ্রেপ্তার হন। কারাগারে থেকেও তিনি বুঝতে পেরেছিলেন শেখ হাসিনার পতন অনিবার্য। পরে তার দেশত্যাগের খবর পেয়ে জনগণের বিজয় আসন্ন বলে তিনি উপলব্ধি করেন।
তিনি দাবি করেন, জুলাই বিপ্লব দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ফল, যার নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর জুলাই মাসেই সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়েছে।
রিজভী বলেন, যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, সেই গণতন্ত্র যেন আবার কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়—এটি নিশ্চিত করা সবার দায়িত্ব।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন।