প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর এবার দর্শকের সামনে আসছে ‘ধুরন্ধর’ ছবির দ্বিতীয় কিস্তি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘ধুরন্ধর ২’-এর টিজার, যেখানে রণবীর সিং বা হামজা আলিকে আরও ভয়ংকর ও আগ্রাসী রূপে দেখা গেছে। তার সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না। তবে টিজারের উন্মাদনার মধ্যেই ছবির টিম বড় এক আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে।
৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে। এই এলাকা পাকিস্তানের লিয়ারি শহরের আদলে সাজানো হয়েছে। শুটিং চলাকালীন সময়ে বিনা অনুমতিতে ড্রোন ব্যবহারের অভিযোগে নির্মাতা আদিত্য ধরের টিমের বিরুদ্ধে মুম্বাই পুলিশ মামলা করেছে।
জানা গেছে, ফোর্ট এলাকা অত্যন্ত সংবেদনশীল। এখানে একাধিক সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান থাকায় সবসময় কড়া নিরাপত্তা বজায় থাকে। তাই শুটিং বা ড্রোন ব্যবহারের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। অভিযোগ, তা না নিয়েই ড্রোন চালানো হয়েছে। এই ঘটনায় এম আর এ মার্গ থানায় ছবির লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ড সংহিতা (আইপিসি) এর ২২৩ ধারা অনুযায়ী অভিযোগটি নথিভুক্ত করেছে এবং নির্মাতাদের অনুমতি নেওয়া না হওয়ার কারণ জিজ্ঞেস করেছে।
সূত্রের খবর, প্রটোকল অমান্য করার কারণে আদিত্য ধরের পুরো টিম এখন আইনি চাপের মধ্যে রয়েছে। এর ফলে শুটিং ও মুক্তি সূচিতে প্রভাব পড়বে কি না, সে নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। একই সময়ে যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তি পাওয়ায় বক্স অফিসে বড় প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, প্রথম ‘ধুরন্ধর’ গত ২ ডিসেম্বর মুক্তি পেয়ে বিশ্বজুড়ে প্রায় ১,৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল।