সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান জানান, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ বাহিনীসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সবার লক্ষ্য একটাই—দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, বিকাশসহ বিভিন্ন চ্যানেলে সন্দেহজনক লেনদেন হতে পারে—এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান সেনাপ্রধান। তিনি বলেন, কোথাও ব্যালট ছিনতাই, কারচুপি বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা হলে তা শক্ত হাতে দমন করা হবে। অপরাধের ধরন অনুযায়ী তাৎক্ষণিক আটক বা মামলা—আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।