অনলাইন নিউজ ডেস্ক
আগামী ১৪ জুন কক্সবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং এর টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, ডিএনডি এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা, যা এখনও পুরোপুরি নিরসন করা সম্ভব হয়নি।
তিনি জানান, ২০১৬ সালে জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল এবং ২০২৪ সালে এর কাজ শেষ হয়। তবে প্রকল্প বাস্তবায়নের পরও সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল না পাওয়ায় এলাকাটিতে জলাবদ্ধতার সমস্যা অব্যাহত রয়েছে।
জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ এই বৈঠকের আয়োজন করেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সভায় পানি সম্পদ মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে, পানি সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়িত ও সমাপ্ত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে।
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এলাকায় অতিরিক্ত ৩০ কিলোমিটার ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত শুরু করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে এবং এলাকাবাসী এর সুফল ভোগ করতে পারবেন।