অনলাইন নিউজ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে “পপুলার মেডিসিন কর্নার অ্যান্ড সার্জিক্যাল ফার্মেসি”কে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে এবং মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।
ঘটনার সূত্রপাত হয় এক ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারী অভিযোগ করার পর। তিনি চিকিৎসকের পরামর্শে ওই ফার্মেসি থেকে এইচপিসি (হাইড্রক্সিপ্রোজেস্টেরন ক্যাপ্রোয়েট) ইনজেকশন কিনে ব্যবহার করার পর গর্ভপাতের ঝুঁকির শঙ্কায় পড়েন বলে অভিযোগ করা হয়। পরে যাচাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়টি ধরা পড়ে এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযানে ফার্মেসি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়েছে এবং মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয়।