অনলাইন নিউজ ডেস্ক
ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী কলেজের এক পিয়নের প্রতারণার শিকার হয়ে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিন প্রবেশপত্র না পেয়ে কলেজ গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী দুই শিক্ষার্থী—মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা বেগম।
জানা গেছে, দুই শিক্ষার্থী কলেজের নিয়মিত ছাত্রী হলেও নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেয়নি। এ সুযোগে কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে গোপনে ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি কাউকে না জানানোর শর্তে তিনি দুই শিক্ষার্থীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন।
এদিকে, অন্যান্য শিক্ষার্থী প্রবেশপত্র পেলেও পরীক্ষার আগের দিন পর্যন্ত মনিমুক্তা ও ইসমাতের হাতে কোনো প্রবেশপত্র পৌঁছায়নি। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান তাদের আশ্বস্ত করেন যে শিক্ষা বোর্ডে লোক পাঠানো হয়েছে এবং পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র পাওয়া যাবে। সেই আশ্বাসে তারা পরীক্ষার দিন কলেজে এলেও শাহজাহানকে ফোনে আর পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, শাহজাহান একজন পিয়ন; পরীক্ষার ফরম পূরণের বিষয়ে তার কোনো দায়িত্ব বা ক্ষমতা নেই। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।