অনলাইন নিউজ ডেস্ক
ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে দেখার স্বপ্ন কখনও পূরণ হবে না; সেই স্বপ্ন শত্রুরা কবর পর্যন্ত বয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ বাহিদি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
খামেনির আদর্শ ও উত্তরাধিকার চিরকাল অম্লান থাকবে উল্লেখ করে বাহিদি বলেন, “আমরা কখনও আমাদের শহীদ বিপ্লবী নেতার পথ থেকে বিচ্যুত হব না। তিনি আমাদের হৃদয়, আত্মা ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।”
ইরানের প্রতিপক্ষদের উদ্দেশে তিনি আরও বলেন, “যারা এই জাতি ও এই ভূখণ্ডকে সহ্য করতে পারে না, তারা জেনে রাখুক—আমাদের শহীদ নেতার পবিত্র রক্ত বিশ্বজুড়ে অবিশ্বাসের বিরুদ্ধে ইসলামের বিজয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।”
শেষে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির এই কমান্ডার বলেন, “ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্ন কবর পর্যন্ত সঙ্গে নিয়ে যাবেন। কারণ এই পবিত্র আত্মত্যাগের চেতনায় আমাদের জাতি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছে এবং নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের সংঘাতের পর তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিদল ইরানে পৌঁছানোর মধ্যেই বাহিদির এই বক্তব্য আসে। ওই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয়েছিল। পরে ইরানের পাল্টা সামরিক অভিযানের পর যুদ্ধবিরতি কার্যকর হয় এবং একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে সংঘাতের অবসান ঘটে।