অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে এসব পোস্টার টাঙানো হয়। পরে কলেজ প্রশাসন সেগুলো অপসারণ করে।
পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। দুপুরের মধ্যে প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়।
পোস্টারিং কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা ছড়াচ্ছে এবং রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান মূলত বিএনপির বিরোধিতা ও দলটির বিরুদ্ধে প্রচারণা চালানোর মধ্যেই সীমাবদ্ধ।
তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিজস্ব আদর্শ ও কর্মপরিকল্পনা থাকা উচিত। নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারার রাজনীতি করলে তাদের কোনো আপত্তি নেই। তবে তিনি যদি ধারাবাহিকভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যান, তাহলে জনগণই তার জবাব দেবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা কলেজে এলে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ পারভেজ বলেন, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে, সেটিকে তারা স্বাগত জানাবেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচির পরিকল্পনা নেই এবং সামাজিক শৃঙ্খলা বজায় রেখেই সব কার্যক্রম পরিচালনা করা হবে।
অন্যদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন। তিনি বলেন, ঢাকা কলেজ কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং এখানে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার সুযোগ নেই। তার দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী যাতে চাঁদাবাজির তথ্য প্রকাশ করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এ ধরনের পোস্টারিং করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, তিনি নিজে পোস্টার দেখেননি, তবে কয়েকটি স্থানে পোস্টার লাগানোর বিষয়টি জেনেছেন। পরে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, কলেজ প্রশাসন কোনোভাবেই ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ অশান্ত হোক, তা চায় না।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই মার্চ’ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপি অভিযোগ করে, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন।