অনলাইন নিউজ ডেস্ক
ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) সাউথ এশিয়ার আয়োজনে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, শেখ হাসিনা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না; তিনি অডিওর মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত হবেন। এ সময় তিনি দেশে ফেরার পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
ড. ওয়ায়েল আউয়াদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হলেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির বিবেচনায় শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি। এফসিসি সব রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং শেখ হাসিনার বক্তব্য আয়োজনের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের প্যানেলে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার উপস্থিত থাকবেন।