অনলাইন নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার পর রবিউল ইসলাম নয়নকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত।
বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি একাধিকবার মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও সংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।