অনলাইন নিউজ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবধর্মী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার ২৫০ বছরের এই ঐতিহাসিক মাইলফলক শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বিশ্বের মানুষের কাছেও স্বাধীনতা, গণতন্ত্র, মূল্যবোধ, ঐতিহ্য, ত্যাগ এবং আমেরিকান স্বপ্নের এক অনুপ্রেরণার প্রতীক।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রার একটি মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও উদারতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সবশেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখময় ভবিষ্যৎ প্রত্যাশা করেন।