অনলাইন নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাদের ত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের কারণে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের ওপর কোনো ধরনের নির্যাতন বা বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। তাদের এক ফোঁটা রক্তও যেন না ঝরে। তা হলে সেটি চরম বিশ্বাসঘাতকতার শামিল হবে।’
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আহত অনেক ব্যক্তি এখনও গুরুতর শারীরিক অবস্থায় রয়েছেন। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও সার্বিক সহায়তার বিষয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি জুলাই আন্দোলনের ইতিহাস নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, যার যে অবদান রয়েছে, তা যেন যথাযথভাবে ইতিহাসে স্থান পায়। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
জামায়াত আমির অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গীকার ও বক্তব্যে পরিবর্তন এসেছে এবং জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের অগ্রগতি প্রত্যাশিত নয়। বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং জুলাই স্মৃতি জাদুঘর বাস্তবায়নে বিলম্ব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত এবং ইতিহাস সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।