অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ছাত্রদলকে উদ্দেশ্য করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তবে পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি।
সারজিসের এই মন্তব্য এমন সময় এলো, যখন দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, অস্থায়ী আবাসন প্রকল্প চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যাওয়ার সময় এ ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রদর্শনী চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে মিছিল ও স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
এর আগের দিন সোমবার (৩ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই পক্ষ ক্যাম্পাসে মুখোমুখি অবস্থানে ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে প্রদর্শিত একটি ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে গড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
যদিও সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে এসব ঘটনার কোনোটি সরাসরি উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক ক্যাম্পাসভিত্তিক সংঘাতের প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে ছাত্ররাজনীতি নিয়ে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।