অনলাইন নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল মহানগর বিএনপি। তবে সেই ঘোষণার পরও আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার।
এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই সমাবেশে বিএনপির নেতারা তাঁর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জে এলে তাঁকে রাজনৈতিকভাবে প্রতিহত করারও হুঁশিয়ারি দেওয়া হয়।
মহানগর বিএনপির ওই কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি এনসিপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানান।
মিছিলের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’ পরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাও পাটওয়ারীকে নিয়ে বক্তব্য দেন।
এদিকে ওই ঘটনার এক মাসের মধ্যেই ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে পথসভায় যোগ দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির আগের ঘোষণার পর তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার জানান, লংমার্চের কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যুবাইর আহমেদ সরদার বলেন, তাঁদের মধ্যে কোনো ধরনের আশঙ্কা বা ভয় নেই। তাঁর দাবি, লংমার্চ ও সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়; সাধারণ মানুষের বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, পথসভা ও লংমার্চ চলাকালে অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।