লক্ষ্মীপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা দেড় শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় জেলা জামায়াত।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, নাসির উদ্দিন মাহামুদ, যুব বিভাগের শহর সভাপতি নাছির উদ্দিন এবং আইনজীবী নেতা মাহির আসহাবসহ অন্যরা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, যোগদানকারীদের মধ্যে কয়েকজন আগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন পৌর যুবদলের সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন এবং সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা।
যোগদানকারীদের একজন জোবায়ের হোসেন সুজন বলেন, তিনি আগে স্বেচ্ছাসেবক দলে ছিলেন, এখন জামায়াতে যোগ দিয়েছেন। তার ভাষ্য, ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এ দাবির বিরোধিতা করেছে স্থানীয় বিএনপি নেতারা। লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, যোগদানকারীরা বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; তারা আগে থেকেই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনও একই দাবি করে বলেন, উল্লেখিত কয়েকজন তাদের দলের কোনো পদে ছিলেন না এবং বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করা হচ্ছে।
এ বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, বিভিন্ন দল থেকে তরুণ ও অভিজ্ঞ নেতাকর্মীদের জামায়াতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে।