স্টাফ রিপোর্টার:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুনরায় চালু হওয়া সিলেট-ম্যানচেস্টার সরাসরি রুটের প্রথম ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানাতে আজ সকালে সিলেটে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BG-208 আজ সকাল ১১টা ৫০ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঐতিহাসিক এই ফ্লাইটে আগত যাত্রীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আফরোজা খানম রিতাও উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং তাদের যাতায়াতকে আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে পুনরায় চালু করা হয়েছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। এর ফলে ট্রানজিটের ঝামেলা ও অতিরিক্ত সময়ের ভোগান্তি কমবে। পাশাপাশি প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর দাবিতে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি, সিলেটের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন এবং সচেতন মহল সোচ্চার ছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক সমন্বয় ও তদারকি করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তাঁর উদ্যোগে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে পুনরায় চালু হয় বহুল প্রত্যাশিত এই আন্তর্জাতিক রুট।
ফ্লাইটটি পুনরায় চালুর ঘোষণার পর থেকেই সিলেটসহ দেশ-বিদেশে বসবাসরত প্রবাসী সিলেটিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়নে সংশ্লিষ্টদের পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের ভূমিকার কথা উল্লেখ করে তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের মতে, এই রুট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে এবং সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।
সংশ্লিষ্টদের মতে, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া শুধু একটি নতুন বিমান রুটের সূচনা নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবির বাস্তবায়ন। একই সঙ্গে এই উদ্যোগ সিলেট অঞ্চলের অর্থনীতি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে।