অনলাইন নিউজ ডেস্ক
জনগণের অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণের দাবি আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি।’
দেশের মানুষ বিভিন্ন সংকটে অতিষ্ঠ দাবি করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও বিল যথারীতি দিতে হচ্ছে। বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়েও ক্ষোভ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেপ্তার হওয়া সিফাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতিষ্ঠ হয়েই ওই তরুণ প্রতিবাদ করেছেন। সিফাতের বক্তব্যের ভাষা সমর্থন না করলেও তিনি যে বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন, সে বিষয়ে দেশের মানুষ প্রয়োজনে তার মতো করে প্রতিবাদে সোচ্চার হবে।
সিফাতকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘ভালোয় ভালোয় তাকে ছেড়ে দিন।’ অন্যথায় অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে তিনি সরকারকে সতর্ক করেন।
লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি আদায়ের অঙ্গীকার পূরণ করতেই এই কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে বিভিন্ন ‘ক্রিয়া-প্রতিক্রিয়া’ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রামের উদ্দেশে যাত্রার আগে শফিকুর রহমান বলেন, ‘গন্তব্যের পথে বাধা আসলে আমরা লড়াই করতেই নেমেছি। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের গন্তব্যে ইনশা আল্লাহ পৌঁছাব, কোনো বাধাকেই আমরা পরোয়া করব না।’
উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।
সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।