অনলাইন নিউজ ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিগত সরকার উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাট করেছে। তিনি বলেন, “তারা যত উন্নয়নকাজ করেছে, তার অর্ধেকের অর্থই খেয়ে ফেলেছে। গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সমবায়ভিত্তিক উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সারা দেশের প্রায় ১ লাখ ৮১ হাজার সংগঠকের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নিম্নআয়ের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সরকার পল্লী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে কার্যক্রমে স্থবির হয়ে পড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) আরও কার্যকর ও গতিশীল করে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে একই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ অবকাঠামো, কর্মসংস্থান এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ননীতিকে গুরুত্ব দিচ্ছে, যাতে উন্নয়নের সুফল শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও সমানভাবে ভোগ করতে পারে।