
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে জেলার অধীনস্থ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলকে বরাবরের মতো রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে আগামী ৭ নভেম্বরের কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় সিলেট জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।