জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সরকারের একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেছেন, “গতকাল রাজপথে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য সরাসরি এই সরকার দায়ী।”
শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব মন্তব্য করেন।
জুলাই ঐক্য শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয়, আইসিসিতে ভারতের আধিপত্য, বিগত চার নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি আয়োজন করে।
গতকাল রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলাকালে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন।
কর্মসূচিতে পাটওয়ারী বলেন, “সরকারের কিছু মহল শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচার চাই। যারা হাসপাতালে আছেন, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করা হোক।”
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের মাধ্যমে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত করা উচিত। সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। কিন্তু প্রশাসনের কিছু কর্মকর্তা ও সরকারের কিছু ব্যক্তি অতিরিক্ত উৎসাহে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবাহ, ‘জুলাই ঐক্য’-এর সংগঠক ইসরাফিল ফরাজীসহ অনেকে।