অনলাইন নিউজ ডেস্ক
ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম জটলা সৃষ্টি করে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার দায়ে পাঁচ ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক এ সাজা দেন। বিষয়টি সংবাদ সম্মেলনে জানান সাইদ আহমেদ।
পুলিশের তথ্যমতে, শনিবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটারে বিশেষ অভিযান চলাকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ভিড় তৈরি করে মোবাইল ফোন চুরির চেষ্টা করছিল একটি ছিনতাইকারী চক্র। এ সময় রেলওয়ে পুলিশ নুর আলম, বিপ্লব আহসান, সবুজ মিয়া ও হাসান মিয়াকে গ্রেপ্তার করে। পরে স্থানীয় জনতা বাবুল মিয়াকে মোবাইল ফোন চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাঁচজনই অপরাধ স্বীকার করেন। আদালত নুর আলম ও বিপ্লব আহসানকে ৩ মাস, সবুজ মিয়া ও হাসান মিয়াকে ২ মাস এবং বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
পুলিশ জানিয়েছে, স্টেশন এলাকায় যাত্রী হয়রানি ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।