অনলাইন নিউজ ডেস্ক
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় মেঘনা নদীর পানি শোধনের মাধ্যমে বিকল্প উৎস হিসেবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আংশিক ও পরীক্ষামূলক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের পানি সংগ্রহ লাইন ও শোধনাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দেন এবং প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, ঢাকা ওয়াসা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, শোধনাগারটির প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। এতে প্রকল্পটির মোট দৈনিক সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার, যা রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।