ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছুটির সময়ে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ছুটিকালীন সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন ছুটিতেও ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে এ সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সেবা (ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার) বন্ধ রাখা হবে।
নির্বাচনে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস ও এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।