নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় পাঁচটি ভোটকেন্দ্রে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কয়েকটি বুথ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো হলো—সদর উপজেলার নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে পরিকল্পিতভাবে এসব অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্র জানায়, বুথ কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইটের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। তবে এলাকাবাসীর দ্রুত উদ্যোগে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
ধোঁয়া ও আগুনের গন্ধ টের পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত শুরু করে।
মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা সংস্থার সদস্যরা কেন্দ্রগুলো পরিদর্শন করে আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ক্ষতিগ্রস্ত কয়েকটি বুথ পুরোনো ভবনে ছিল এবং জানালা দিয়ে প্রায় একই কৌশলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গভীর রাতে ঘটনা ঘটায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামও জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে। একাধিক কেন্দ্রে একই রাতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে; তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।