অনলাইন নিউজ ডেস্ক
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।
জবাবে প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কাজে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জনসেবার মান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি সেবা ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আইন লঙ্ঘনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সরকারি সেবা হয়রানিমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।