অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় সংসদে পিলখানা হত্যাকাণ্ড, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, ওসমান হাদি হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ সব আলোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন জামায়াতের নারী সংসদ সদস্য রোকেয়া বেগম।
বুধবার (১০ জুন) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
রোকেয়া বেগম বলেন, “পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি ও জুলাই হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারকার্যের গতি আরও ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি।”
রোকেয়া বেগম জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে পুলিশের গুলিতে নিহত হয় জাবির। পরিবারের সদস্যদের সামনেই তার মৃত্যু ঘটে বলে জানা যায়। পরবর্তীতে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে মনোনীত হন।
এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট শুধু রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের জন্য গবেষণাভিত্তিক তথ্য ও উপাত্ত সরবরাহ করবে, যা বাজেট আলোচনা ও সংসদীয় কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সংসদ সদস্যদের তথ্যনির্ভর ও গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়াবে।