অনলাইন নিউজ ডেস্ক
সরকার দেশের সব অঞ্চলের সমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সরকারের কার্যক্রম নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা এলে তা ইতিবাচকভাবে গ্রহণ করা হবে।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা ও এলাকার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান বা আইনে তাদের জন্য নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা না থাকলেও রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর আওতায় তাদের দায়িত্ব পালনের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি নির্বাচিত ও সংরক্ষিত নারী সংসদ সদস্য—উভয়েরই অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
পরে বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্যে বিশ্বাস করে না। দেশের যেকোনো অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সম্প্রতি বিরোধী দলের কিছু সদস্য সরকারি সহায়তা না পাওয়ার বিষয়টি উত্থাপন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারবিরোধী অপপ্রচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত এ সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতায় বিশ্বাসী। তাই যেকোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।