আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া এবং ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ভাষণের শুরুতে তিনি ভোটারদের শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সিইসি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সবাই সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি তিনি শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণতন্ত্রে ভিন্নমত স্বাভাবিক। তাই উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে জয়-পরাজয় মেনে নেবেন।
ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবা প্রদানকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার অনুরোধ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে অনুষ্ঠিত হবে।