ঢাকা–১৭ আসনের আসন্ন নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে আরও চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বুধবার সন্ধ্যার পর বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সরাসরি ও টেলিফোনে এই সমর্থনের কথা জানান। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও তারেক রহমানের পক্ষে সরে দাঁড়ান।
২০১৪–২০১৮ মেয়াদে ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য এবং বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতেই তিনি তারেক রহমানকে সমর্থন করছেন। তিনি মনে করেন, নিজের প্রার্থিতা থাকলে একই রাজনৈতিক শক্তির ভোট বিভক্ত হতে পারে, যা তিনি চান না। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদও সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়াই সবচেয়ে জরুরি।
এদিকে ঢাকার বাইরে অবস্থান করায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে সমর্থন জানান। তারা ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা–১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুস সালাম অভিযোগ করেন, কয়েকটি এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।