অনলাইন নিউজ ডেস্ক
আগামী শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শরীফ ওসমান বিন হাদীর বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার (১০ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জনসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষা সচিবের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে একাধিক পরিবর্তনের পরিকল্পনার কথা জানানো হয়। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ তৈরি করা হবে।
এছাড়া জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীকেও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়। সূত্র জানায়, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে তার বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হতে পারে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিকল্পনা অনুযায়ী, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে যেভাবে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বকে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের কাঠামোয় তাঁকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। পরবর্তীতে ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতে পাঠ্যবইয়ে বিভিন্ন পরিমার্জন আনা হয়। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।