রাজশাহী-৫ আসনে (দুর্গাপুর ও পুঠিয়া) একটি ভোটকেন্দ্রের সামনে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল। এছাড়া সেখানে দলটির দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে রেজাউল করিম (হাঁস প্রতীক) দাবি করেছেন, তাঁর সমর্থকদের ওপর হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই ভোটকেন্দ্রের সামনে নজরুল ইসলামের কয়েকজন সমর্থকের সঙ্গে রেজাউল করিমের কথাকাটাকাটি শুরু হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। রেজাউল করিম বলেন, তিনি জানতে পেরেছিলেন, কেন্দ্রে তাঁর সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হলে তার সমর্থকদের ওপর হামলা হয়। পরে প্রশাসনকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেজাউল করিম অভিযোগ করেছেন, দুর্গাপুরের সব কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া রাতেও তিনটি কেন্দ্রে এজেন্টের তালিকা জমা দিতে গেলে, বিএনপির সমর্থকরা সেই কাগজপত্র ছিঁড়ে ফেলেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব জোবায়েদ হোসেন বলেন, ভোটকেন্দ্রের বাইরে ফুটবলের সমর্থকরা ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিলেন। সেই বিষয় নিয়ে কথাকাটাকাটির সূত্র ধরে এই ঘটনা ঘটে।