শেষ পর্যায়ে পৌঁছেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইংল্যান্ড।
সেমিফাইনালে ওঠা চার দলই শিরোপা জয়ের অন্যতম দাবিদার। সাম্প্রতিক পারফরম্যান্স, দলীয় শক্তি এবং অভিজ্ঞতার দিক থেকে প্রত্যেকেরই বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। তবে পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দলকে।
বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সেমিফাইনালের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার লড়াই হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
তবে সামান্য ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ০৪ শতাংশ।