দেশের পাঁচটি স্টেশনে নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিদ্যমান পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বান্দরবানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী স্টেশন, সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব বা কিছুটা অবনতি হতে পারে।
তবে সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চল এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।