অনলাইন নিউজ ডেস্ক
চলমান বিদ্যুৎ সংকটের কারণে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আগামীকাল ১৩ আগস্ট থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী এত দিন বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে চলমান বিদ্যুৎ সংকটের কারণে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বর্তমানে সারা দেশে গড়ে তিন হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং চলছে। বিদ্যুতের ওপর চাপ কমাতেই সরকার এই নতুন সময়সূচি নির্ধারণ করেছে।