সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম নাজিম। তবে মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পলাতক।
বুধবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
মামলার বাদী ও ভুক্তভোগীর মা আরিফা আক্তারের অভিযোগ, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাসায় ফিরে যান। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে জানতে পারেন, সে স্কুলে নেই।
এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে মেয়ের বান্ধবীদের কাছ থেকে তিনি জানতে পারেন, ওই দিন দুপুর আনুমানিক ২টার দিকে আশুলিয়া থানার নবীনগর এলাকায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুঁসলিয়ে মেয়েটিকে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও উদ্ধারের চেষ্টা করেন। আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন আরিফা আক্তার। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি শাকিল এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।