প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৫:৫৮ পি.এম
সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ সেনা নিহত: আইএসপিআর
অনলাইন নিউজ ডেস্ক
সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে রাতে বাংলাদেশ সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে জানানো হয়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন (সর্বশেষ তথ্য অনুযায়ী)।
জানা যায়, উক্ত এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।
আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।
© Copyright 2025, All Rights Reserved | nogorsomachar24