নিজস্ব প্রতিবেদক, সিলেট।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী। সঞ্চালনা করেন সিলেট ইউনিটের সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। বক্তব্য তিনি বলেন, “নিরাপদ রক্তের কোনো বিকল্প নেই। একজন স্বেচ্ছাসেবী রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ, যা সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”
তিনি আরও বলেন, “রক্তের চাহিদা পূরণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি পেলে রক্ত সংকট অনেকাংশে দূর করা সম্ভব হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন, স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি নিরাপদ রক্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. তৌহিদ চৌধুরী, সিলেট ইউনিটের সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক রক্তদাতা।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান শুধু একজন রোগীর জীবনই বাঁচায় না, বরং মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান রাখায় কয়েকজন রক্তদাতা ও স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।