অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশকে আরও সবুজ করে গড়ে তুলতে শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। সেটা স্কুলে হোক কিংবা বাসার আশপাশে—যেখানে সুযোগ থাকবে, সেখানে একটি গাছ রোপণ করবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছটির নাম, আয়ুষ্কাল, কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী উপকারে আসে, সেসব বিষয়ও ইন্টারনেটে খুঁজে জানার চেষ্টা করবে। এতে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানতে পারবে।”
তিনি বলেন, “আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো বড় হলে স্কুলে তোমাদের ছায়া দেবে। খেলাধুলা শেষে সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে। আর বাসার আশপাশে গাছ লাগালে তা পরিবেশ শীতল রাখবে, নির্মল বাতাস দেবে এবং বসবাসের পরিবেশ আরও আরামদায়ক করে তুলবে।”
আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অসংখ্য গাছ রোপণ করেছি। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।