অনলাইন নিউজ ডেস্ক
সরকার মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে একটি সঠিক ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন করে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে স্বাধীনতার পর যাদের ওপর শহীদদের একটি নিরপেক্ষ, সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দায়িত্ব ছিল, তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদদের তালিকা প্রণয়নের প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল। অথচ তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বে-টার্মিনাল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটি চালু হলে মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এ ছাড়া প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট চালু করা হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।