অনলাইন নিউজ ডেস্ক
প্রায় ৩৪ দিন পর আবারও সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সিলগালা খুলে দান ও নজরানার সামগ্রী গণনা শুরু হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে হিসাব ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, মাজারের দানবাক্স ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া গেছে। পাশাপাশি পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা।
এছাড়া দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় ও পাকিস্তানি রুপি, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, মার্কিন ডলার, নেপালি রুপি, ওমানি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইরাকি দিনার, তুর্কি লিরা, জাপানি ইয়েন, ভিয়েতনামি ডং, কাতারি রিয়াল, লেবানিজ ও মিসরীয় পাউন্ড, ইউরো, বাহরাইনি মুদ্রা এবং কানাডিয়ান ডলার।
নজরানা হিসেবে মাজারে গরু, ছাগল, হাঁস ও মুরগিও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি কাজ করছে। নীতিমালা চূড়ান্ত হলে ভবিষ্যতে সেই অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা ও ব্যবস্থাপনা করা হবে।
এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়েছিল। দ্বিতীয় দফার ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্স খুলে অর্থ ও অন্যান্য সামগ্রীর হিসাব করা হলো।