বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় চালু করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে অফিসটি খোলা হয় এবং ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালাবদ্ধ ছিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে তারা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন।
পুনরায় উদ্বোধনকালে সিফাত সিকদার বলেন, “দলীয় কার্যালয় হলো রাজনৈতিক সংগঠনের প্রাণকেন্দ্র। এখান থেকেই সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তাই কার্যালয় বন্ধ থাকাটা নেতাকর্মীদের জন্য হতাশাজনক ছিল।”
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও উপস্থিত ছিলেন। তারা ছাত্রলীগের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “তরুণ প্রজন্মের এমন উদ্যোগ দলকে আরও শক্তিশালী করবে।” পাশাপাশি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান।