অনলাইন নিউজ ডেস্ক
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি অভিযোগ করেন, বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নুরুল হক নুর বলেন, “জামায়াত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” একই সঙ্গে তিনি জামায়াত-শিবিরকে সতর্ক করে বলেন, গত দেড় দশক তারা যেভাবে আড়ালে ছিল, বাড়াবাড়ি করলে “আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা” করা হবে।
এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেছেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার নেতাকর্মীদের হামলায় দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াত বা সংসদ সদস্য আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।