লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, “তার মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”
এছাড়া, তিনি এই হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবিও জানান।