অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল জুলাই আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। একই সঙ্গে তিনি বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার।
মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন শুধু একটি মাসের ঘটনা নয়; দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেরই চূড়ান্ত রূপ ছিল জুলাই। তিনি বলেন, “জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। কিন্তু বিরোধী দল জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গণভোট-সংক্রান্ত একটি বিষয় এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রশ্নে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাঁর দাবি, জাতীয় ঐকমত্য কমিশন বিএনপির সম্মতি ছাড়াই এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে।
সংবিধান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংবিধান সংস্কারের নয়, সংবিধান সংশোধনের পক্ষে। তাঁর ভাষ্য, দেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে বিএনপির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য।