অনলাইন নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মৃত্যুর ফলে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুটি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এদিকে, একই সময়ে দেশে নতুন করে ১৪০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪৪।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।